সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তারকাদের বিচ্ছেদের অহরহ খবর ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। দুজনের মধ্যে একটু বনিবনা না হলেই হাঁটছেন বিচ্ছেদের পথে। বিচ্ছেদের সেসব প্রসঙ্গ নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী অনন্ত জলিলকে নিয়ে হাজির হয়েছিলেন বর্ষা। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমানে অভিনয়শিল্পীরা কাজের থেকে অন্যসব বিষয়ে বেশি ফোকাস দিচ্ছেন। এতে কি তাদের ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে? এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আসলে যারা এমনটা করেন তারাই ভালো বলতে পারবে। যে করে, সে তার ভেতরের চিন্তা-ভাবনা থেকেই করে। আমি তো তাদের ভেতরে প্রবেশ করতে পারব না। সো আমি কীভাবে জানব, তারা কেন এই কাজগুলো করে।
একই প্রশ্ন অভিনেত্রী বর্ষার কাছে রাখা হলে তিনি বলেন, এখন স্বামী-স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে, সেখানে সংসার না টিকলে, না টিকুক এ ধরনের। তোমার সঙ্গে সংসার করব না আমি, এমনটা হতেই পারে। কিন্তু বিষয়গুলো যেভাবে হচ্ছে, এ প্রজন্মের কিশোররা সারাদিন এসব দেখছে।
বর্ষা আরও বলেন, আমার কাছে মনে হয় এই বয়সটা খুবই সেনসেটিভ। এখনকার সন্তানরা যা দেখবে সেটাই শিখবে। এটাই স্বাভাবিক। তো দেখা যাবে, তারা ভাবতে শুরু করবে, আরে ওরা তো সেলিব্রেটি। ওরাই এমন করছে, আমার করলে কী আর হবে, মা-বাবা তো শুধু একটু বকাই দেবে।
এই অভিনেত্রী আরও বলেন, এই বিষয়গুলো হচ্ছে এখন। এটা বাস্তব, আর এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।