কাঁচা মরিচের বাজারে ভোক্তা অধিকারের অভিযান

বেশ কিছুদিন ধরে সারাদেশে আলোচনার কেন্দ্রে বসে আছে কাঁচা মরিচ। কাঁচামরিচের দামের ঝাঁজ যেন কমছেই না।

এমন সময়ে কাঁচা মরিচের ঝাঁজ কমাতে বাজার নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি এলাকার মরিচের আড়তে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩জুলাই) সকালে রাজধানীতে অভিযানটি পরিচালনা করে ভোক্তা অধিকার। ঊর্ধ্বমুখী থাকা কাঁচা মরিচের বাজার এখন কিছুটা নিম্নমুখী। তবু অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর।

এই সময় ভোক্তা অধিকারের উপ-পরিচালক মাসুম আরেফিন বলেন, রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৩টি টিম একসঙ্গে বাজার তদারকি করতে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, সিন্ডিকেটহীন কাঁচা মরিচের বাজার চলছে স্বাভাবিক বাজারের নিয়মেই। বাজার নিয়ন্ত্রণে সরকারের সব সংস্থা কাজ করছে। হয়তো তদারকি কার্যক্রমের বিষয়টি মিডিয়ায় আসেনি।

অন্যদিকে ভারতীয় মরিচের আমদানি শুরু হওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১৮০ থেকে ২২০ টাকা কমে পাইকারি পর্যায়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। কেজিতে দাম কমেছে অন্তত ২৪০ টাকা।

বিক্রেতারা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আসতে শুরু করায়, বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। এতে কমতে শুরু করেছে দাম।

এদিকে কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল মরিচ আমদানি। তবে ঈদের ছুটি শেষে রবিবার (২ জুলাই) থেকে আবারও দেশে আসতে শুরু করেছে আমদানিকৃত কাঁচা মরিচ।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সারাদিনে দেশে এসেছে ৫৫ টন কাঁচা মরিচ ।