ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সঙ্গে নুরুল হক নুরের আঁতাত রয়েছে বলে রেজা কিবরিয়ার দাবির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, রেজা কিবরিয়া অনেক কথা বলেছেন, আবার নুর রেজা কিবরিয়ার সম্পর্কে অনেক কথা বলেছেন। আমাদের দলের (আওয়ামী লীগ) সঙ্গে নুরের কোনো যোগাযোগ নেই।
তিনি বলেন, নুরের বিরুদ্ধে এ রকম অভিযোগ তো নানা সময় নানাজন করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নুরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে, তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে অন্তত তিনবার বৈঠক করেছেন। সেটির কোনো ইফেকটিভ প্রতিউত্তর নুরের কাছ থেকে আসেনি। সাম্প্রতিক রেজা কিবরিয়া ও নুরের যে বাহাস, এগুলো আমরা উপভোগ করছি। সেগুলো কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়।
গণঅধিকার পরিষদের দুই নেতার পাল্টিাপাল্টি সংবাদ সম্মেলন নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, রেজা কিবরিয়া ও নুরুল হক নুর কিছু কৌতুকের জন্ম দিয়েছেন, তাদের কোনো জনভিত্তি নেই। তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। জনগণের সঙ্গে তাদের কোনো সংশ্রব নেই।
নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।