রাজশাহীতে অপহৃত এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
৯ বছর বয়সী আন্নিকা আক্তার মায়া নগরীর নওদাপাড়া এলাকার ভ্যানচালক আজিম উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় বড় বনগ্রাম এলাকার পলাশ শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্নিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার বিকেল চারটার দিকে বাড়ি থেকে বের হয় আন্নিকা। বাড়িতে না ফেরায় ওই রাতেই আন্নিকার বাবা আজিম উদ্দিন নগরীর শাহমখদুম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার নূর আলম সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃত পলাশ বখাটে গোছের। সে আগে থেকেই আন্নিকাকে চিনত। গত শনিবার বিকেল ৫টার দিকে ঈদ সালামি দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে নওদাপাড়া এলাকা থেকে আন্নিকাকে নিয়ে যায় পলাশ। তাকে বাজারসহ বিভিন্নস্থানে ঘুরিয়ে সন্ধ্যার পর ছোটবনগ্রাম এলাকার একাটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে পলাশ তার গলা ও মুখ চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা গেলে পলাশ তার কানে থাকা স্বর্ণের দুল খুলে নেয়। এরপর পাশে পড়ে থাকা একটি কাপড় দিয়ে তাকে জড়িয়ে পুকুরে ফেলে পালিয়ে যায়।
উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, আন্নিকাকে খুঁজে না পেয়ে শনিবার রাতেই তার বাবা আজিম উদ্দিন নগরীর শাহমখদুম থানায় যে সাধারণ ডায়েরি করেন তার সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। শাহমখদুম থানার পুলিশের একটি দল বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে, বিকেল ৫টার দিকে মেয়েটিকে সঙ্গে করে ঘুরছে পলাশ। মেয়েটিকে সালামি দেওয়ার কথা বলে প্রতারণা করার পরও মেয়েটি হাসি খুশি হয়েই তার সঙ্গে ঘুরছিলো। তাকে নিয়ে সে দোকানেও যায়। ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে সে মেয়েটিকে নিয়ে ছোটবনগ্রাম এলাকার দিকে যায়। সিসি ক্যামেরার সূত্র ধরেই পলাশের খোঁজ শুরু করে পুলিশ। সোমবার ভোর ৪টার দিকে নাটোর শহরের একটি যাত্রী ছাউনি থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।
পলাশ পুলিশকে জানিয়েছে, সে আন্নিকার কানের দুলটি এক সোনার দোকানদারকে দিয়ে ১৫শ টাকা নিয়েছে। সেই টাকা নিয়ে সে নাটোরে পালিয়ে যায়। নাটোরে গিয়ে সে হোটেলে কাজ করার জন্য একাধিক হোটেলে যায় কিন্তু কাজ পায়নি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর সে আন্নিকাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। পুলিশ তাকে নিয়েই সোমবার ভোরে ছোটবনগ্রাম খুরশেদের মোড়ে যায়। সেখানকার একটি পুকুর থেকে ভোর ৬টার দিকে আন্নিকার মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার নূর আলম সিদ্দিকী জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পলাশ বখাটে হিসেবে পরিচিত। নগরীর শাহমখদুম থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের একটি মামলা রয়েছে।