পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়জুর রহমান নামে (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফয়জুর উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে।
গত রবিবার বিকেলে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন । একদিন পরই সোমবার সকাল ৭টায় মামলার প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ফয়জুর রহমান ও তার ভাইদের সাথে মজিবব রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় রবিবার বিকেলে ফয়জুর রহমানের দুই ভাতিজা খলিলুল্লাহ ও ইউসুফ তাদের পুকুর পাড়ের চারদিকে কারেন্ট জালের বেড়া দিচ্ছিল যাতে করে পুকুরের মাছ অতি বর্ষায় বেরিয়ে না যায়। কিছুক্ষণ পরে খলিলুল্লাহ সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ইউসুফকে পুকুর পাড়ে বেড়া দিতে দেখে আসামিরা ইউসুফকে মারপিট শুরু করেন। ইউফুফের চিৎকারে তার চাচা ফয়জুর রহমান এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আসামিরা। এতে ফয়জুর রহমানকে গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রংপুর মেডিকেলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি (ফয়জুর) মৃত্যুবরণ করেন।
অন্যদিকে নিহতের ভাতিজা ইউসুফ আহত অবস্থায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য যে, মজিবর রহমান সম্পর্কে নিহত ফয়জুরের খালু হন। মামলার অপর আসামিরা হলেন মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও স্ত্রী নাজমা খাতুন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেচেষ্টা চলছে।