ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

দিন যতই যাচ্ছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৪ জন ও ঢাকার বাইরে ২৬২ জন।

আরও বলা হয়, বর্তমানে সারা দেশে এক হাজার ৫৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন ও ঢাকার বাইরে ৫০৯ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত নয় হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৬৫৫ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৩৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৫৮৯ জন ও ঢাকার বাইরে ২ হাজার ১৭ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।