ড. মোশাররফ হোসেনের জন্য দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. মোশাররফ হোসেনের সিঙ্গাপুর ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা চলছে।

সোমবার (৩ জুলাই) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালটির নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেন, খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে যার জন্য তাকে উক্ত হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

তাকে প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে তার স্বাস্থ্যগত অবস্থার সাথে সম্পর্কিত উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার পরিবারের পক্ষ থেকে উল্লেখিত চিকিৎসায় সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য বিএনপি কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন, ছেলে খন্দকার মারুফ হোসেন।