ঢাকার ঝটিকা সফর শেষ। এমিলিয়ানো মার্তিনেজ এখন কলকাতায়। সোমবার বিকেল ৫টায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখানে বিশ্বকাপজয়ী গোলকিপারকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু। এসময় তাকে মেরুন উত্তরীয় দিয়ে বরণ করে নেন তিনি।
মার্তিনেজ কলকাতা বিমানবন্দরে পা দিতেই তাকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন মোহনবাগান এবং আর্জেন্টিনার সমর্থকরা।
কলকাতায় এসে মার্তিনেজ জানান, এখানে আসে এসে তিনি আনন্দিত খুবই উত্তেজিত এবং আনন্দিত। আজ মার্তিনেজের কলকাতায় কোনো কর্মসূচি নেই। মঙ্গলবার থেকে তার কর্মসূচি রয়েছে।
মঙ্গলবার মিলনমেলা প্রাঙ্গণে, দুপুরে একটি আলোচনা অনুষ্ঠানে নিজের গল্প শোনাবেন তিনি। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে তার হাতে। পাশাপাশি পেলে-ম্যারাডোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন তিনি। সেদিন একটি প্রদর্শনী ম্যাচেও উপস্থিত থাকার কথা রয়েছে তার। তাকে দেখার জন্য মোহনবাগান মাঠে সমর্থকদের জন্য প্রবেশ বিনামূল্যে করেছিল ক্লাব। ক্লাব থেকে টিকিট বিলি শুরু হতেই মাত্র ২ ঘণ্টায় শেষ হয়ে যায় টিকিট।
৫ জুলাই শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে অপর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তার। সেইদিনই তিনি ফিরে যাবেন।
বাংলাদেশে তার সফর বেশি ব্যস্ততায় ভরা না হলেও কলকাতায় তাঁর সফর ব্যস্ততায় ভরা রয়েছে। তবে কলকাতায় তিনি থাকবেন আর সঙ্গে কলকাতায় তার পাতে বাঙালি খাবার থাকবে না, তা তো হতে পারে না! ইলিশ-চিংড়ি, ছোলার ডাল থাকবে তার প্লেটে।