দিনের তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৪ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৬ মিলিমিটার। এ ছাড়া রাজশাহীতে ৪৪, নিকলিতে ৪২, বান্দরবানে ৪১, তাড়াশে ৩৮, চুয়াডাঙ্গায় ৩৭ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা বলছে, মৌসুমি বায়ুর বাড়তি অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।