সপ্তাহ খানেক আগেই গুরুতর অসুস্থ ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। জীবাণু সংক্রমণের জেরে হঠাৎ জ্ঞান হারান তিনি। পরে দ্রুত তাকে ভর্তি করা হয় নিউ ইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাকে আইসিইউতেও স্থানান্তর করতে হয়।
প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেও বেশি দিন সেখানে থাকেননি ম্যাডোনা। তবে খবর, বাড়ি ফিরেও সুস্থ হয়ে ওঠার কোনও লক্ষণ নেই তার মধ্যে। এক নাগাড়ে বমি করেই চলেছেন। মাঝেমাঝেই জ্ঞান হারাচ্ছেন। সুস্থ হয়ে ওঠা তো অনেক দূর, আরও অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার।
অন্দরের খবর, তরুণ তারকাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজের শরীরে উপর মাত্রাতিরিক্ত অত্যাচার করেছেন ম্যাডোনা। টেলর সুইফট, পিঙ্কের মতো তার থেকে কমবয়সি তারকারা মঞ্চ মাতাচ্ছেন ওয়ার্ল্ড ট্যুরে। তাদের টেক্কা দেওয়ার মানসিকতা নিয়েই প্রস্তুতি নিচ্ছিলেন ৬৪-র ম্যাডোনা। সেই পরিশ্রম নিতে পারেনি তার শরীর। তার ফলেই ঘটেছে এত বড় বিপত্তি।
আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা।
তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। আপাতত হাসপাতাল থেকে ফিরে নিউ ইয়র্কের বিলাসবহুল বাড়িই ঠিকানা তার। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ম্যাডোনা। তা ছাড়াও পপ তারকার দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন তার ম্যানেজার, তার মেয়ে লর্ডস লিওন, দুই ছেলে রকো রিচি ও ডেভিড ব্যান্ডা।