বলিউড তারকাদের অন্যতম পছন্দের জায়গা গোয়া। অবসর যাপন থেকে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য গোয়ার বিকল্প নেই। তাই তো বলিউডের বড় বড় তারকা থেকে শিল্পপতি, সকলেরই গোয়ায় একটা নিজস্ব বাড়ি কিংবা ভিলা অথবা বিলাসবহুল রিসোর্ট কিনে রাখেন। মালাইকা আরোরা থেকে অক্ষয় কুমার— সকলেরই প্রায় গোয়ায় নিজস্ব সম্পত্তি রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন সারা আলি খানও।
সূত্রের খবর, গোয়ায় মা অমৃতা সিংয়ের সঙ্গে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন অভিনেত্রী। বেশ কিছু ভাল প্রস্তাবও পেয়েছেন । ইতিমধ্যেই বেশ কিছু বড় ভিলাও দেখে ফেলেছেন। বরাবরই প্রকৃতির মাঝে শান্তিতে থাকতে পছন্দ করেন তিনি। সেই কারণে গোয়ায় নতুন এই বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন সারা।
তবে বর্তমানে অভিনেত্রী তার জুহুর বাড়িতে মা ও ভাইকে সঙ্গে নিয়ে থাকেন। এ ছাড়াও দিল্লিতে একটি বাড়ি রয়েছে তার, যদিও সেটি অমৃতা সিংয়ের বাপের বাড়ির তরফে পাওয়া। নবাব পরিবারের মেয়ে হওয়ায় হরিয়ানার পতৌদি প্যালেসেও যাতায়াত রয়েছে তার। তবে সেই বাড়িতে সাইফ আলি খানের প্রথম পক্ষের সন্তান সারা ও ইব্রাহিম আলি খানের কোনও অংশীদারি আদৌ আছে কি না, সেই প্রসঙ্গে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি সারা।
সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা গিয়েছে সারাকে। বহুদিন পর তার কোনও ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখল।