কাতার বিশ্বকাপ জেতার পর ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। শিরোপা জেতার পর চ্যাম্পিয়নের তকমা নিয়ে আরও কিছুদিন খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। তবে আগামী ২০২৬ বিশ্বকাপে যে খেলবেন না সেটা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন।
তবে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মনে করেন মেসি আরেকটা বিশ্বকাপ খেলার সামর্থ্য রাখে।
গত জুনে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা মেসি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, যদি খেলাটা আমি উপভোগ করি, শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে।’
তবে বার্সেলোনার একসময়ের কোচ মেনোত্তি বলছেন, মেসির জায়গায় তিনি থাকলে ২০২৬ বিশ্বকাপেও খেলতেন, ‘শারীরিকভাবে, বয়স হিসাব করলে মেসি পরের বিশ্বকাপে খেলতে পারে। সে ফিট, অনুশীলন করে, নিজের যত্ন নেয়। মেসি অনবদ্য, তার কোনো চোট নেই। আমি যদি ৩৬ বছর বয়সী হতাম, তার জায়গায় থাকতাম, আমি ৪০ বছর বয়স পর্যন্ত খেলতাম। সম্ভবত সে আরেকটু স্বাধীনতা চাচ্ছে।’