খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ময়ূরী আবাসিক এলাকার ১৫টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দ করা প্লটের মধ্যে ৯টিই কেডিএর কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। কেডিএর নীতিমালা লঙ্ঘন করে এমন বরাদ্দে সরকারের প্রায় ১১ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির তদন্ত বিভাগের মহাপরিচালককে অভিযোগ অনুসন্ধানের জন্য সম্প্রতি কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, অভিযোগের তীর কেডিএর এস্টেট শাখার পরিচালক মো. বদিউজ্জামানের দিকে। কারণ তিনি ভারপ্রাপ্ত সচিব থাকাকালে বোর্ডপ্রধান হিসেবে প্লটগুলো বরাদ্দ দেন। তা ছাড়া তার বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্লট বরাদ্দে নিয়ম মানা হয়নি। প্রতি কাঠা জমির দাম ১৫ লাখ হলেও ওই সভায় ১৫টি প্লটের জন্য কাঠাপ্রতি দাম ধরা হয়েছে পাঁচ লাখ টাকা করে। এতে সরকারের প্রায় ১১ কোটি টাকা লোকসান হয়েছে।