ট্রাফিক পুলিশ মামলা দিয়ে বাসের কাগজপত্র রেখে দেওয়ায় এর জন্য চালককে দায়ী করেন বাসের মালিক। আর মামলার জরিমানার খরচ হিসেবে চালকের মোবাইল ফোন রেখে দেন তিনি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মালিককে ‘শিক্ষা’ দিতে বিহঙ্গ পরিবহনের বাসটি চুরি করেন চালক সানজিত। গতকাল মঙ্গলবার মিরপুর থেকে চুরি যাওয়া বাসটি উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন দেশ রূপান্তরকে বলেন, ‘বাস চুরিতে জড়িত থাকার অভিযোগে চালক সানজিত ও হেলপার আকাশকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের বাসটি চুরি করা হয়। পরে মালিক আবুল বাশার মামলা করলে আমরা তা উদ্ধারে অভিযানে নামি। পল্লবী থানা এলাকা থেকে বাসটি উদ্ধার এবং সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।’
চালক সানজিত বলেন, ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় বাস মালিক তার মোবাইল ফোন রেখে দেন। এর প্রতিশোধ নিতে তারা দুজনে মিলে বাসটি চুরি করেন।