পুলিশ দেখামাত্রই মল ছুড়ে মেরে পালাত ওরা

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তাররা হলোÑ সুমন শেখ, মতিন, নয়ন, বাবুল, ইমরান সরদার, শাহিন, ইব্রাহিম মিয়া ও রুবেল ওরফে লালাপো। দীর্ঘদিন ধরে তারা ছিনতাইকাজে জড়িত। পুলিশের কোনো সদস্য দেখলে তারা মল ছুড়ে মেরে পালিয়ে যাওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, মিরপুর এলাকায় পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন গণপরিবহনে চলাচলরত যাত্রীদের টার্গেট করত। বিশেষত যারা জানালার পাশে বসেন তারাই মূল টার্গেট। যাত্রীদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহূর্তেই ছোঁ মেরে নিয়ে যেত চক্রটির সদস্যরা। এ সময় কেউ বাধা দিতে চাইলে ছুরি দিয়ে জখম করত তারা। তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন। পুলিশের হাত থেকে পরিত্রাণের জন্য পুলিশ দেখামাত্রই সঙ্গে সঙ্গে রাস্তায় মল ত্যাগ করে তা নিজেদের গায়ে মেখে আশপাশে ছুড়ে মারত এসব ছিনতাইকারী।