অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে অভিযানের পর এবার উত্তর গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী।
স্থানীয় সময় বুধবার সকাল থেকে গাজা উপত্যকার উত্তর অংশে বিমান হামলা শুরু হয় বলে জানায় স্থানীয় সম্প্রচারমাধ্যম। মূলত গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলার পরপরই এই বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে স্থানীয় মিডিয়াগুলো।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইসরায়েলের বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকার বেত লাহিয়া শহরের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহল থেকে ছোড়া রকেটের জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সমস্ত ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল ড্যানিয়েল হাগারি। সেনাবাহিনীর রেডিও স্টেশনের এক প্রতিবেদনে এই ঘোষণা দেন তিনি।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দুই দিনের অভিযান শেষে নিহত হয়েছে ১২ ফিলিস্তিনি এবং আনুমানিক ১০০ জন আহত হয়েছে। জেনিনে অভিযানের সময় একজন ইসরায়েলি সেনাও নিহত হয়।