ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া (৬৯) চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকির অভিযোগ এনে ধানমন্ডি থানায় এ জিডি করেন।

মঙ্গলবার ২৭ জুন বিকেলে করা জিডিতে এনামুল হক অভিযোগ করেন, গত ১৪ ও ২১ জুন ফেসবুক লাইভে এসে আমার নামে বিভিন্ন আজে বাজে কথা বলে এবং বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি প্রদর্শন করেন। তাঁর ভয় ভীতি প্রদশনের কারণে আমাকে আতঙ্কে দিনাতিপাত করতে হচ্ছে।

অভিযোগকারী এনামুল হক ভূঁইয়া বলেন, ফেসবুক লাইভে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী আমাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। আমি জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি। ধানমন্ডি থানায় যাহার জিডি নং- ১৫৪৬।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে উল্টো অভিযোগ করে বলেন, আমি নির্বাচনে বিজয়ী হবার পর আমি যেন শপথ নিতে না পারি সেই চেষ্টা করেছে। জিডি একটি আইনি প্রক্রিয়া। অভিযোগ সত্য হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাতে অসুবিধা নেই। আমি যদি হুমকি দিয়ে থাকি তার তো প্রমাণ থাকবে। আমি একজন জনপ্রতিনিধি, আমার বিবেক আছে। আমি কেন লাইভে এসে কাউকে মারার হুমকি দেবো? আমার ফেসবুকে লাইভটা দেওয়া আছে। প্রয়োজনে দেখে নিতে পারেন।