পারিশ্রমিক ফিরিয়ে দিচ্ছেন, অভিনয় ছাড়ছেন সামান্থা?

বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত জীবনে সময়টা ভাল যাচ্ছে না সামান্থা রুথ প্রভুর। তবে কর্মজীবনের চিত্রটা সম্পূর্ণ আলাদা। ‘ফ্যামিলি ম্যান ২’-এর সাফল্যের পর থেকে বলিউডে একের পর এক প্রস্তাব আসতে শুরু করে অভিনেত্রীর। এই মুহূর্তে সামান্থার হাতে রয়েছে ‘সিটাডেল’ (ভারতীয় সংস্করণ) সিরিজ়ের কাজ। এছাড়াও বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ‘খুশি’ ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। কিন্তু মাঝপথে ভেস্তে গেল সব। বিরতি চাই সামান্থার। ফেরাচ্ছেন অগ্রিম নেওয়া টাকাও!

বেশ কিছু দিন ধরে পেশিপ্রদাহে ভুগছেন সামান্থা, পোশাকি নাম (মায়োসাইটিস)। এই রোগটাই যে স্বস্তি দিচ্ছে না তাকে। ‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজের পর হিন্দি ছবিতে সামান্থাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা। সবাই ভেবেছিলেন ‘সিটাডেল’ সিরিজের পর থেকেই বলিউডে বেশি করে দেখা যাবে অভিনেত্রীকে।

কিন্তু তার আগেই শোনা যাচ্ছে, প্রযোজকদের কাছ থেকে নেওয়া টাকা ফেরাচ্ছেন সামান্থা। হাতের দুটি কাজ শেষ করে অভিনয় থেকে বিরতি নেবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে চান তিনি।

‘যশোদা’ ছবির মুক্তির আগেই চিকিৎসার জন্য সামান্থাকে ছুটে যেতে হয়েছে আমেরিকায়। কয়েক মাস আগে থেকে ফিরে আসেন দেশে। কিছু দিন ভাল থাকার পর যন্ত্রণা নিয়ে ফের তাকে ভর্তি হতে হয় বেঙ্গালুরুর হাসপাতালে। মাঝে অবশ্য শুটিংয়ের কাজে ঘুরেছেন দেশে বিদেশে। কখনও তাকে দেখা গিয়েছে লন্ডনে, কখনও তিনি বেলগ্রেডে।