ফিটনেস নিয়ে শঙ্কায় থাকা তামিম ইকবালের আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা নিয়ে ম্যাচের দিন প্রশ্ন জেগেছিল। আগের দিন খেলবেন বলে রাখা তামিম সেই শঙ্কা উড়িয়ে মাঠে নামলেন, অধিনায়ক হিসেবেই টস করলেন।
অবশ্য টস হেরে আগে ব্যাট করতে নামবেন তামিমরা। কোমড়ের ইনজুরি নিয়ে অনিশ্চয়তায় থাকা তামিমকে আগেই ব্যাটিংয়ের চ্যালেঞ্জটা নিতে হচ্ছে।
ম্যাচের আগের দিন নিজ মুখে ফিটনেস দেখার অন্যরকম প্রক্রিয়ার কথা বলে বিপদেই পড়ছিলেন তামিম। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছিলেন ম্যাচ খেলে ইনজুরির কি অবস্থা তা জানতে চান। তবে আন্তর্জাতিক ম্যাচে খেলে ফিটনেস পরীক্ষা করার এই প্রক্রিয়া কোথাও নেই।
এতেই বিপদে পড়েছেন তামিম। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তামিমের এমন সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। এমন কি কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তামিমের সিদ্ধান্তে বিরক্ত বলে জানা গেছে।
টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ড প্রধান পর্যন্ত সবাই চেয়েছিলেন তামিম বিশ্রামে থাকুক। কিন্তু তামিম একাদশে থাকলেন এবং নিজেই চ্যালেঞ্জ নিলেন।
তামিম নিজে আছেন সঙ্গে একাদশে আছেন দলে ফেরা আফিফ হোসেন। এছাড়া মোস্তাফিজ, হাসান ও তাসকিনকে রেখে প্রথম ম্যাচের পেস বোলিংয়ের কম্বিনেশন সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।