তামিম ইকবালকে ফেরানোর পর মারমুখি হয়েছিলেন লিটন দাস। কিন্তু টিকে থাকতে পারেননি। ফিরে যান দ্রুতই। তার বিদায়ের নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তারপরই নেমেছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত খেলা হয়েছে ১৫ ওভার। সাকিব আল হাসান ৪ ও তাওহিদ হৃদয় ৮ রানে অপরাজিত আছেন।
এর আগে ফজল হক ফারুকির বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। তারপর মুজিব উর রহমানের বলে ফিরে যান লিটন দাসও। বলটি খাটো লেংথের ছিল। লিটন চাইলে নিচেও খেলতে পারতেন। কিন্তু তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রহমান শাহর হাতে ক্যাচ দিয়েছেন। রহমতকে নড়াচড়াও করতে হয়নি। ৩৫ বলে ২৬ রানে ফিরলেন লিটন।
লিটনের বিদায়ের পর শান্তরও যেন তর সইছিল না। সুইপ করার লেংথে ছিল না, শেষ মুহূর্তে গিয়ে শটটি একটু চেক করার চেষ্টা করেছিলেন নাজমুল। তবে পারেননি। শর্ট ফাইন লেগে সরাসরি গেছে ক্যাচ। প্রথম বলেই আঘাত করলেন মোহাম্মদ নবি। পরপর ২ ওভারে ২ উইকেট হারাল বাংলাদেশ। ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় করা হয়নি নাজমুলের। হুট করেই চাপে বাংলাদেশ।