‘ব্রাজিলের গার্দিওলা’ হলেন নেইমারদের কোচ

কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হয়েছিল ব্রাজিলের কোচ তিতেকে। তার জায়গায় অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল রেমন ম্যানেজেস। তার অধীনে সেলেসাওরা খেলে চারটি ম্যাচ। যেখানে হার দেখতে হয়েছে তিনটিতে। এমন অবস্থায় দলটি নতুন কোচ ঠিক করে ফেলেছে। আগামী বছর কোপা আমেরিকা থেকে দলকে পরিচালনা করবেন কার্লো আনচেলত্তি।

তবে তার আগে ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। কোপা আমেরিকার আগেই তিনি ছাড়বেন সেই দায়িত্ব। ব্রাজিলিয়ানদের কাছে বেশ সুনাম আছে দিনিজের। বল দখলে রেখে খেলাতে পছন্দ করেন দিনিজ। ‘তিকিতাকা’ স্টাইল পছন্দ করার কারণে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ৪৯ বছর বয়সী এই কোচকে বলা হয় ‘ব্রাজিলিয়ান গার্দিওলা।’

মেনেজেসের পর দিনেজকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ভিডিওবার্তায় সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘ফার্নান্দো দিনিজ এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আমি নিশ্চিত তিনি দক্ষতার সঙ্গেই এই দায়িত্ব পালন করবেন, যা তিনি করে এসেছেন নিজের পেশাদার ক্যারিয়ারে।’

জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়ার পর দিনেজ বলেছেন, ‘জাতীয় দলের দায়িত্ব পালন করা আমার কাছে স্বপ্নের মতো, খুবই সম্মানের ও গর্বের ব্যাপার।’ সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে দিনেজের চুক্তির মেয়াদ শুরু হবে।

মিডফিল্ডার হিসেবে দর্শনীয় একটি ক্যারিয়ার কাটিয়েছেন দিনিজ। পরে নাম লেখান কোচিংয়ে। এই দায়িত্ব সামলাতে গেলে নিজেকে যেমন চিন্তা করতে হয়, তেমনি অন্যরা কি চিন্তা করছে সেটাও বুঝতে হয়। এক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায় তিনি এজন চিন্তাবিদ। এটা এতটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে কারণ, মনোবিজ্ঞানের ওপর তার একটি ডিগ্রি আছে। তার একটি সংবাদ সম্মেলনের কথা শুনলে সেটা আরও পরিষ্কার হবে।

সেখানে তিনি বলেছিলেন, ‘কৌশলগত দিকটি দৃশ্যমান হলেও এটা মৌলিক নয়। আমার কাজ হলো খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা, তাদের শক্তির জায়গাটা বুঝতে পারা এবং সেটাকে কাজে লাগানো। তাদের আক্রমণ যেন ভুল না হয় সেদিকেও নজর রাখতে হবে।’

২০০৮ সালে ফুটবলকে বিদায় জানানোর পরের বছর থেকেই কোচিংয়ে নাম লেখান তিনি। ২০০৯ সাল থেকে ১ বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ভোটোরাটির। ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচের পাশাপাশি তিনি ফ্লুমিনেসে ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। এই ক্লাবটিতে তিনি খেলোয়াড় হিসেবেও ছিলেন। ২০১৮ সালে তিনি প্রথমবার সেই দলের কোচ হন। কিন্তু পরের বছরের আগস্টে তাকে চাকরিচ্যুত করা হয়।

কোচিং ক্যারিয়ারে যদিও তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। তবে ক্যারিয়ারের শুরুর দশকে বেশ কয়েকটি সাও পাওলো দলের সঙ্গে কাজ করেন তিনি। তার খেলার কৌশল বলের দখল ধরে রাখা। তাতেই তিনি ‘ব্রাজিলের গার্দিওলা’ হিসেবে খেতাব পেয়ে যান। এবার জাতীয় দলে আগামী ১ বছর তার অধীনে খেলবেন নেইমাররা।

যুক্তরাষ্ট্রে আগামী বছর কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন থেকে। রিয়ালে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। তবে সে বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন।