বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাবে সুইজারল্যান্ড

বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাবে সুইজারল্যান্ডে। এ বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ। গতকাল বুধবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেবিচক জানায়, বাংলাদেশ ও স্ইুজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এ চুক্তির খসড়া চূড়ান্ত করতে ৪ ও ৫ জুলাই বেবিচক সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় সভা হয়। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। আলোচনা সভায় তিন সদস্যের সুইস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সিভিল অ্যাভিয়েশনের লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বাংলাদেশ প্রতিনিধিদলে বেবিচকের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বাংলাদেশ ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনায় খসড়া চুক্তি চূড়ান্ত স্বাক্ষরের উভয়পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তিটি চূড়ান্ত স্বাক্ষরের জন্য উভয় দেশ উদ্যোগ গ্রহণ করার আগ্রহ ব্যক্ত করে সভায় একটি সম্মত-কার্যবিবরণীও স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে বাংলাদেশের জন্য ইউরোপের একটি নতুন ও সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে স্ইুজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের এবং আকাশপথে পণ্য পরিবহনের আরও একটি ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে।