একাত্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। নানা গৌরবোজ্জ্বল অতীত নিয়ে সময়ের পরিক্রমায় আজ বৃহস্পতিবার ৭০ বছর পেরিয়ে ৭১ বছরে পা রাখল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি। বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে পরিসর। ১৯৫৩ সালে রোপণ করা বীজটি বর্তমানে বিশাল মহিরুহে পরিণত হয়েছে। সুদীর্ঘ এ সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ইতিমধ্যে বর্ণিল সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। আজ সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা ওড়ানো এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। সবশেষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকী।