রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ। দীর্ঘদিন ধরে ওই রিসোর্ট মালিক নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার থেকে প্লেনে ইয়াবা ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করতেন।
গতকাল মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ রিসোর্ট মালিক ও চক্রের মূলহোতা কাজী জাফর সাদেক ওরফে রাজু, আরাফাত আবেদীন, তাহরিম ইসলাম রবিন, আহম্মেদ সাবাব, সাদি রহমান। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৮১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে ডিএনসি দক্ষিণের উপপরিচালক মো. মাসুদ হোসেন বলেন, মঙ্গলবার ১১২ পিস ইয়াবাসহ বনানী থেকে গ্রেপ্তার হন আহম্মেদ সাবাব ও সাদি রহমান। আর তাহরিম ইসলাম রবিনকে গুলশান থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কক্সবাজারভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়। এরপর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে আরাফাত আবেদীন নামের এক ব্যক্তিকে দুই হাজার ৫০০ ইয়াবাসহ আটক করা হয়।