‘তামিম ভাই’কে মিস করবেন মুমিনুল-মিরাজরা

আগেরদিনও তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। ছিলেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান। কিন্তু আজ থেকে তিনি দেশের সাবেক ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটকে যে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। চোখের জলে নিজ শহর চট্টগ্রামের একটি হোটেলে বিদায় জানিয়েছেন খেলোয়াড়ি জীবনকে।

হুট করে ক্রিকেট থেকে এমন বিদায় নেওয়ার পর সতীর্থরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের ‘তামিম ভাই’কে যে তারা মিস করবেন সেটাই জানিয়েছেন পোস্টগুলোতে।

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের অভিষেক হয়েছিল ২০১২ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজটি জিতেছিল টাইগাররা। তারপর রঙিন পোশাকে অনিয়মিত হলেও কুলিন সংস্করণে তার উপস্থিতি ছিল। তার সঙ্গে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৬০টি। ফেসবুকে মুমিনুল লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সব সময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে সব সময় মনে পড়বে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন। আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত ও আপনাকে খুব মিস করব। শুভকামনা আপনার জন্য। চিরকাল ভালোবাসি।’

আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের অভিষেক হয় ২০১৪ সালে ভারতের বিপক্ষে। তারপর থেকে তামিমের সঙ্গে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন ৭৬ ম্যাচ। একসঙ্গে খেলেছেন ঘরোয়া ক্রিকেটেও। অধিনায়ককে যে মিস করাটাই স্বাভাবিক।

তামিমের বিদায়ের পর ফেসবুকে পোস্টে তাসকিন লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তামিম একজন জীবন্ত কিংবদন্তি, ‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।’

তামিমের অবসর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোহান লিখেছেন, ‘একজন ক্রিকেটার, যিনি ১৫ বছরেরও বেশি সময় দেশকে সেবা দিয়েছেন, দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, দেশকে এতো এতো স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, তার শেষটা আরো ভালো হতে পারতো। ধন্যবাদ তামিম ভাই, আমাদের ক্রিকেটের জন্য আপনার সকল অবদানের জন্য। আপনাকে মিস করব, তামিম ভাই।’

দলের নবীন ক্রিকেটার মাহমুদুল হাসান জয় লিখেছেন, ‘আপনার সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারা সৌভাগ্যের ব্যাপার। আপনাকে মিস করব ভাই।’

পেসার আবু জায়েদ রাহী বলছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের একজন আইকন। আমরা আপনাকে মিস করব। বাংলাদেশের কিংবদন্তি, আপনাকে সারাজীবনের জন্য শুভকামনা।’

তবে সৌম্য সরকার আছেন বাস্তবে। তামিমের বিদায়ে খুলে যেতে পারে তার জাতীয় দলের দরজাও। সৌম্য বলছেন, ‘বিদায় বলা আমাদের জীবনের একটি অংশ এবং আসুন এটি নিয়ে দুঃখিত না হই। বরং আসুন সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের সাথে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আপনি আমাদের প্রত্যেকের দ্বারা মিস করবেন। আপনার নতুন গন্তব্যে একটি দুর্দান্ত যাত্রা হোক। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই।’