কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার(৭ জুলাই) সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ব্লকে ব্লকে অভিযান অব্যাহত রেখেছে।
সূত্রে জানা যায়, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে ভোরে দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।
৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, সকাল ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএন'র অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ৫ জন নিহতের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।