রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে নাঈম নামে এক শিক্ষার্থীর নবম শ্রেণির শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন না হওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও অফিস সহকারী আব্দুল জব্বারের শাস্তি এবং শিক্ষার্থী নাঈমের পরীক্ষা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠী ও স্বজনরা।

শুক্রবার (৭জুলাই) সকালে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী নাঈমের বাবা সামিউল হক বলেন, ‘তার ছেলের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিচার, তার ছেলের
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং আর কোনো শিক্ষার্থীকে যেন এমন অবস্থায় পড়তে না হয় তার নিশ্চয়তার দাবি জানান
তিনি।

শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা বলেন, বিদ্যালয়ের সকল দেনা পাওনা পরিশোধ করেও বিদ্যালয়ের কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে নবম
শ্রেণিতে রেজিস্ট্রেশন হয় নি নাঈমের। যার ফলে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় নাঈমের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থী নাঈমের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চয়তার দাবি জানান।

এলাকাবাসীরা জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও অফিস সহকারী আব্দুল জব্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘রেজিস্ট্রেশন ও ফরমপূরণ বিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার। এখানে শিক্ষা অফিসের করণীয় কিছু নেই।’