কাকতালীয়

কাক তাল ঠিক রেখে

‘কাকসঙ’ গেয়ে যায়

তাল ঠিক রেখে মাঝি

বৈঠাটা বেয়ে যায়।

 

নানি-দাদি তালে তালে

গুয়া-পান ছেঁচে যায়

নৃত্যশিল্পী তাল

ঠিক রেখে নেচে যায়।

 

তালে তালে সব্বাই

সব কিছু করে যায়

কত তাল তালগোলে

অকালেই ঝরে যায়।

 

কাকতাল ঘটনাটা

গতকাল ঘটে যায়

এপাড়া-ওপাড়া হয়ে

পুরো দেশ রটে যায়।

 

কোকিলের বাসা খুঁজে

কাক ডিম পেড়ে যায়

রেগে-মেগে কোকিলটা

কাক দেখে তেড়ে যায়।