কামরাঙ্গীরচরে বিদ্যুৎম্পর্শে শ্রমিক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক সামান্য আহত হয় বলে জানা গেছে।

আজ শনিবার (০৮ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ভোর ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী মনির হোসেন জানান, কামরাঙ্গীরচর লোহার ব্রিজের গোড়ায় 'বিক্রমপুর প্লাস্টিক' নামে একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন তারা। ভোরে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে ভারী মেশিন নামাচ্ছিলেন। এ সময় মেশিনটি ধরেছিলেন শাহীনসহ আরও এক শ্রমিক। তখন পাশের বিদ্যুতের তারের সাথে ক্রেনের সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা দুজন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল নিলে শাহীনকে মৃত ঘোষণা করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অপরজনকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহতের শাহীনের বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম মজিবর। বর্তমানে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় থাকতেন বলে জানা গেছে।