অধিকৃত পশ্চিম তীরে আলাদা দুটি পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, নাবলুসে শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে হামজা মকবুল ও খায়রি শাহীন নামে দুই ব্যক্তি নিহত হন। এছাড়া আবদুল জাওয়াদ সালেহ নামে আরেকজনকে শুক্রবার রামাল্লার প্রতিবেশী উম সাফা গ্রামে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে।
নাবলুস ইসরায়েলি বাহিনীর অভিযানকে স্থানীয়রা হামলা হিসাবে বর্ণনা করেছেন।
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহর থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, ইসরায়েলি বাহিনী দুই ব্যক্তির সন্ধানে শহরে অভিযান চালায়। তারা আল-আকসা শহীদ ব্রিগেডের সাথে যুক্ত বলে নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী।
অভিযান চলাকালীন পুরানো নাবলুসের একটি বাড়িতে পুরুষদের খোঁজ করা হয়। সে সময় ইসরায়েলি বাহিনী লাউডস্পিকার ব্যবহার করে পুরুষদের আত্মসমর্পণ করতে বলে।
আল জাজিরার সাংবাদিক জানায়, সে সময় বাড়ির দুই ব্যক্তি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হলে বাড়ির দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে ওই ব্যক্তিদের সন্দেহ করা হচ্ছিলো।
এদিকে রামাল্লায়, একটি বেআইনি ইসরায়েলি বসতি স্থাপনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হন ২৪ বছর বয়সী সালেহ, জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয়রা ফিলিস্তিনিরা জানায়, যে বসতি স্থাপনকারীরা তাদের দিকে পাথর ছুঁড়ে এবং ঘটনাস্থলে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী।