আবারও উত্তপ্ত মণিপুর, পুলিশসহ নিহত ৪

কিছুদিন পর পরই জাতিগত সংঘর্ষে উত্তাল হয়ে উঠছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পরিস্থিতি। দুইমাসের বেশি সময় অতিবাহিত হলেও সহিংসতা থামার কোন লক্ষণ নেই রাজ্যটিতে।

আবারও নতুন করে শুক্রবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে একজন পুলিশ কমান্ডোসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মে মাসের প্রথমদিকে শুরু হওয়া এ জাতিগত দাঙ্গায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ বলছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাজ্যের চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী কাংভাইতে দুটি দলের একে অপরের উপর গোলাগুলির ঘটনা ঘটে।

চুরাচাঁদপুরের পুলিশ সুপার (এসপি) কার্তিক মাল্লাদি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে এক গ্রুপের সশস্ত্র দুর্বৃত্তরা অন্য গ্রামে হামলা চালালে এই গোলাগুলি বিনিময় শুরু হয়। কয়েক ঘন্টা পরিস্থিত শান্ত থাকার পর, উভয় পক্ষের মধ্যে আবার গোলাগুলি শুরু হয় এবং পরবর্তীতে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই পক্ষের এ গোলাগুলিতে দু'জন মারা গেছে এবং তিনজন আহত হয়েছে বলে জানান এসপি। তিনি আরও বলেন, “দুই গ্রুপের গ্রাম প্রতিরক্ষা কর্মীরা বন্দুকযুদ্ধে জড়িত ছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি।” আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া একটি পৃথক ঘটনায়, শুক্রবার সকালে বিষ্ণুপুর জেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। পুলিশের বরাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বন্দুকধারীরা ফৌবাকচাও লোকালয়ে নির্বিচারে গুলি ছুড়লে, তখন সে গুলিবিদ্ধ হয়।

অন্যদিকে বার্তাসংস্থা পিটিআই আরও জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মইরাং তুরেল মাপানে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রাজ্যে অব্যাহত সহিংসতা আবারও মণিপুরের গভীর জাতিগত বিভাজন তুলে ধরেছে, আর দুই মাসের দাঙ্গার পরে রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রশাসনকে যে সামাজিক ফাটল মেটাতে হবে তা বড় ধরনের চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা।