পশ্চিমবঙ্গ

পঞ্চায়েত ভোটের দিন সহিংসতায় নিহত ১২

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অশ্চিয়তা ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পঞ্চায়েত ভোট। ভোটকে কেন্দ্র করে রাজ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকে। তিন ধাপের এই ভোট আজ শনিবার (০৮ জুলাই) সকাল ৭টা থেকে শুরু হয়।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, এদিন মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। নিহত হয়েছে এক কংগ্রেস এবং সিপিএম কর্মীও। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এক তৃণমূল কর্মী নিহত হয়েছেন। কোচবিহারের ফলিমারি গ্রামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে।

দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ইংরেজবাজারে বোমাবাজিতে নিহত তৃণমূল প্রার্থীর শাশুড়ি। নদিয়ার চাপড়ায় তৃণমূলের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোয়ালপোখরেও শাসকদলের এক কর্মী নিহত হয়েছেন।

পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিহত হয়েছেন তৃণমূলের এজেন্ট। যদিও রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিংহ শনিবার দুপুরে জানান, ভোটের দিন তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। তুফানগঞ্জে হত্যা করা হয় শাসকদলের আরও এক কর্মীকে।

এছাড়া পূর্ব বর্ধমানের আউশগ্রামে দু’নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সাত নম্বর বুথে তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে আহত হয়েছেন সিপিএম কর্মী রাজিবুল হক। আজ সকালে তার মৃত্যু হয়েছে।