পুতিন-এরদোয়ান বৈঠকের তারিখ ঠিক হয়নি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আজ শনিবার (০৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেন আগামী মাসে প্রেসিডেন্ট পুতিন আঙ্কারা সফর করতে পারেন। যদিও পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই প্রেসিডেন্টের বৈঠকের সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ বাড়াতে পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা জানান এরদোয়ান।

প্রসঙ্গত, ইউক্রেন ও রাশিয়া— দুই দেশই বিশ্বের শীর্ষস্থানীয় গম ও ভুট্টা উৎপাদনকারী দেশ। গত বছর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। ফলে ইউক্রেনে আটকা পড়েছিল ২৬ লাখ টন গম, ভুট্টা ও কয়েক লাখ টন সূর্যমুখী তেলবীজ।

তারপর থেকে সেই চুক্তির মেয়াদ এ পর্যন্ত কয়েক দফায় বাড়ানো হয়েছে। সর্বশেষ মেয়াদবৃদ্ধির তথ্য অনুযায়ী, আগামী ১৭ আগস্ট এই চুক্তি শেষ হতে যাচ্ছে।