১৪২ রানে হারল বাংলাদেশ, গেল সিরিজও

৩৩২ রান তাড়া করতে নেমে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং জাতীয় কিছু করতে পারেনি। মুশফিকুর রহিমের ৮৫ বলে ৬৯ রানে ৪৪তম ওভারে ১৮৯ রানে গুটিয়ে গেছে। ফলে ১৪২ রানের বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে সিরিজটাও নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে প্রথমে ব্যাট করার সুযোগটা দুহাতে নেয় আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাগরান। দুজনেই তুলে নেন আড়াইশ রান। ২৫৬ রানের জুটিতে এক সময় মনে হচ্ছিল চারশো স্পর্শ করতে পারে তারা। ওপেনিং জুটি ভেঙে শেষের আঁটসাঁট বোলিংয়ে সাড়ে তিনশোর নিচে আটকানো গিয়েছিল সফরকারীদের। শুরুতে আলগা বল করা বাংলাদেশের পেসাররা স্লগ ওভারে নিজেদের খুঁজে পান। মোস্তাফিজ নেন ৬০ রানে ২ উইকেট, হাসান ৭০ রান খরচায় পান সমান ২ উইকেট। নিজের স্পেল শেষ করার সময় উলটে পড়ে বাম পায়ে চোট পেয়ে বেরিয়ে যান তিনি। শুরুতে এলোমেলো থাকলেও পরে সামলে নিয়ে প্রভাব রেখেছেন সাকিব। ১০ ওভার বল করে ৫০ রানে নেন ২ উইকেট। মিরাজ বেশ কিছুটা খরুচে। ৯ ওভারেই ৬০ রান দিয়ে তিনি তুলেন ২ উইকেট।

রেকর্ড রান তাড়ায় নেমে নাঈম শেখ ছিলেন কুঁকড়ে। অধিনায়ক লিটন দাস দ্রুত রান বাড়ানোর তাড়ায় তিন বাউন্ডারি পেয়েই হয়ে যান কুপোকাত। ফারুকির বলে পুল করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি। ১৫ বলে ১৩ রানে থামেন তিনি। ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত মুজিবের দারুণ এক ক্যারম বলে বোল্ড হলে বিপদ বাড়ে বাংলাদেশের। নিজেকে গুটিয়ে রেখে নাঈম থিতু হতে পারেননি। ফারুকির বল নামাতে গিয়ে স্টাম্পে টেনে বোল্ড বাঁহাতি ব্যাটার। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় বাংলাদেশ।

তাওহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়লেও তা থেকে দলকে উদ্ধার করতে পারেননি সাকিবও। আগের ম্যাচে ফিফটি করা হৃদয় এদিন অনেক সময় নিয়েও থিতু হতে পারেননি। সাকিব সাবলীল থাকলেও তাকে স্বস্তিতে খেলতে দেখা যায়নি। ৪০ রানের জুটির পর রশিদ খানের গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। ৩৪ বলে ২ চারে ১৬ করেন ডানহাতি ব্যাটার। সাকিব ফেরেন পরের ওভারেই। মোহাম্মদ নবির বল পেছনের পায়ে খেলতে গিয়ে পায়ে লাগিয়ে এলবিডব্লিউ। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার।

দলে ফেরা আফিফ হোসেন করেন আবার হতাশ। রশিদের সামনে পড়ে প্রথম বলেই ভড়কে যান গুগলিতে। আফিফকে দেখে স্লিপে ফিল্ডার রেখেছিলেন রশিদ। সেখানেই ক্যাচ দেন বাঁহাতি ব্যাটার। ৭২ রানে ৬ উইকেট হারিয়ে তখন দিকহারা বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৬৯ রান করেন

ম্যাচ থেকে কার্যত ছিটকে যাওয়া বাংলাদেশ এরপর পায় বড় জুটি। বিপর্যয় সামলে মিরাজকে নিয়ে লড়াই চালান মুশফিক। তবে রানরেটের চাপ অনেক বেড়ে যাওয়ায় তাদের চেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৮৭ রানের জুটিতে ৪৮ বলে ২৫ করেন মিরাজ। ফিফটি করা মুশফিক শেষ ব্যাটার হিসেবে আউট হন ৬৯ রান করে। কেবল ব্যক্তিগত অর্জনের খাতাতেই যোগ হয় তার প্রয়াস।