সুপারস্টার টেলর সুইফটকে তার বহুল প্রত্যাশিত ইরাস ট্যুরে কানাডিয়ান শো যোগ করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সুইফট তার মিউজিক্যাল সফরে ইউরোপে কিছু শো বাড়ানোর ঘোষণা করার সঙ্গে সঙ্গে ট্রুডো এই আহ্বান জানান।
সম্প্রতি সুইফট তার ইরাস ট্যুরের ইউরোপের সূচির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ট্রুডো সুইফটের পোস্টে একটি কৌতুকপূর্ণ মন্তব্য করে বলেছেন, ‘হাই, এটা আমি। আমি জানি, কানাডার জায়গাগুলো আপনাকে কাছে পেতে পছন্দ করবে। তাই এটিকে আরেকটি নিষ্ঠুর গ্রীষ্মে পরিণত করবেন না। আমরা আশা করি শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’ প্রধানমন্ত্রীর এমন আবেদন ভক্তদের এবং সুইফটের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আসন্ন কানাডিয়ান শোগুলোর সম্ভাবনা সম্পর্কে জল্পনা সৃষ্টি করেছে। টেলর সুইফট আগামী গ্রীষ্ম পর্যন্ত দীর্ঘ সফরসূচির মাধ্যমে নিজের ইরাস ট্যুর শুরু করেছেন। মার্চ মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে শ্রোতাদের মনোমুগ্ধ করে চলেছেন গায়িকা। সুইফট সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে একটি বাড়তি শো যোগ করার পর থেকেই কানাডার ভক্ত-অনুরাগীরা প্রত্যাশা করছেন যে গায়িকা কানাডায় শো রাখার বিষয়ে বিবেচনা করবেন। এরই মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীর এমন আহ্বান ভক্তদের আশা আরও বাড়িয়ে দিচ্ছে।