খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে বের হয়ে আসেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়ে বলেন, মির্জা ফখরুল ইসলাম সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ১৭ জুন হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এরপর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।