রাজধানীর কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন।
শাহীনের বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম মজিবর। কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় থাকতেন তিনি।
শাহীনের সহকর্মী মনির হোসেন জানান, কামরাঙ্গীরচর লোহার ব্রিজের গোড়ায় ‘বিক্রমপুর প্লাস্টিক’ নামে একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন তারা। ভোরে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে ভারী মেশিন নামাচ্ছিলেন। এ সময় মেশিনটি ধরেছিলেন শাহীনসহ আরও এক শ্রমিক। তখন পাশের বিদ্যুতের তারের সঙ্গে ক্রেনের সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুজন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে শাহীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা শেষে অপরজনকে বাসায় নিয়ে যাওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।