গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনী বিল পাশের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। একইসঙ্গে তারা অভিযোগ করে বলেছেন, ‘আরপিও সংশোধনীর মাধ্যমে সরকার নির্বাচন কমিশনের (ইসি) হাত-পা বেঁধে ফেলেছে।
গতকাল শনিবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এ আহ্বান জানান।
‘গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল ও সরকারের নীলনকশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘সরকারি দল আরও একটি একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন নানান দিক থেকে ঝুঁকিপূর্ণ। আরপিও সংশোধনী এ ঝুঁকি আরও বাড়িয়েছে। সংবিধান ইসিকে সুষ্ঠু নির্বাচন করার যে দায়িত্ব দিয়েছে, আরপিও সংশোধনী তার স্পষ্ট পরিপন্থী।’
অনতিবিলম্বে এ সংশোধনী প্রত্যাহারের আহ্বান জানায় গণতন্ত্র মঞ্চ।
গত ৪ জুলাই সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।