৫ বছর পর সিরিজ হারল অস্ট্রেলিয়া

৫ বছর পর টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিয়ে মেয়েদের অ্যাশেজ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।

লর্ডসে শনিবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। সুবাদে ২-১ এ সিরিজ নিজেদের করেছে দলটি।

অস্ট্রেলিয়া ২০১৭ সালের পর এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ হারল। এই সিরিজের আগে টানা ৩৬ সিরিজ অপরাজিত ছিল দলটি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট। অজি অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি বিধ্বংসী শুরু করলেও তাদের দ্রুতই ফেরান চার্লি ডিন ও ন্যাট সিবার। মিডল অর্ডারে অ্যাশলে গার্ডনার (২৫ বলে ৩২), এলিস পেরি (২৫ বলে ৩৪) এবং গ্রেস হ্যারিস (১৫ বলে ২৫)।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে অস্ট্রেলিয়া। ন্যাট সিবার দুটি উইকেট নেন। লরেন বেল ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।

বৃষ্টির কারণে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১১৯ রান। শুরুতেই সোফিয়া ডাঙ্কলিকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন ডার্সি ব্রাউন। ড্যানি ওয়্যান এবং ন্যাট সিবার ক্যামিও ইনিংস খেলেন। কিন্তু দুই শিবিরে পার্থক্য গড়ে দেন অ্যালিস ক্যাপসি। ২৩ বলে ৪৬ রানের অনবদ্য পারফরম্যান্স অ্যালিস ক্যাপসি। ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড।

মেয়েদের এই মাল্টি ফরম্যাট অ্যাশেজে একমাত্র টেস্টে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে তাদের ঝুলিতে ছিল ৪ পয়েন্ট। এরপর প্রথম টি-টোয়েন্টি জিতে পায় আরও দুই পয়েন্ট। পরের দুই টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৪।

পয়েন্টের নিরিখে অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে ৬-৪ ব্যবধানে। এখনও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাকি।