ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও মাথায় আঘাত করে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শরিফুজ্জামান শোভন।
তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সজিব ও বাংলা বিভাগের তৌহিদসহ ১০/১২ জন।
অভিযোগপত্র সূত্রে, রোববার (৯ জুলাই) ভুক্তভোগী ক্লাস করার পর আনুমানিক সাড়ে ১০টায় ক্যাম্পাসের ডায়না চত্বরের দিকে যান। এ সময় মাসুদের নেতৃত্বে সজিব, তৌহিদসহ ১০/১২ জনের একটি দল ভুক্তভোগীর ওপর অতর্কিত হামলা করে কিল-ঘুষি-লাথিসহ রাস্তায় ফেলে মাথায় আঘাত করতে থাকে। এতে নাক-মুখ, হাতের আঙুল জখমসহ রক্তপাত হয়। এ ছাড়া ভুক্তভোগীর হাতঘড়ি, চশমা, মানিব্যাগ কেড়ে নিয়ে নির্যাতন করে তারা। অভিযুক্তরা এ সময় বলতে থাকে, ‘তোকে যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর না দেখি তোকে দেখলে মেরে ফেলব’।
ভুক্তভোগী নিরাপত্তাসহ লেখাপড়া করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান অভিযোগপত্রে।
এ ঘটনায় অভিযোগকারীকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ ও তাওহীদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে অভিযুক্ত সজিব বলেন, ঘটনার সময় আমি হলে ছিলাম। আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি আমার অতিথির জন্য নাশতা আনতে ঝাল চত্বরে গিয়েছিলাম। তখন মারামারি হয়েছে কিনা জানি না।
কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুল হাসান বলেন, কিল-ঘুষির কারণে মাথার চামড়া আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতের কারণে মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা এ জন্য তাকে সিটি স্ক্যান করতে বলেছি। সিটি স্ক্যান না করা পর্যন্ত এখন কিছু বলতে পারব না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নেয়া হয়েছে। সোমবার ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, অভিযুক্তরা একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তবে ঈদের আগে তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। শনিবার বিশ্ববিদ্যালয় খোলে। রবিবার মারধরের এ ঘটনা ঘটে।