হেডিংলি টেস্ট জিতে অ্যাশেজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

আবার হেডিংলি, আবারও ইংল্যান্ডের দারুণ এক জয়। ৪ বছর আগে এই হেডিংলিতেই বেন স্টোকসের অতিমানবীয় ইনিংসে ১ উইকেটে জিতে অ্যাশেজে টিকেছিল ইংল্যান্ড। এবার ৩ উইকেটের জয়। আজ ম্যাচের চতুর্থ দিন ২৫১ রানের লক্ষ্য থেকে ২১ রান দূরে ইংল্যান্ড সপ্তম উইকেট হারানোর পর ক্রিস ওকস আর মার্ক উডের দৃঢ়তায় জয় তুলে নেয় স্টোকসের দল। এই জয়ের ফলে ৫ ম্যাচ সিরিজে ব্যবধান ১-২ এ নামিয়ে আনলো ইংল্যান্ড। অ্যাশেজ জয়ের আশা তাই টিকে রইলো ইংল্যান্ডের।

তৃতীয় দিনের বেশিরভাগটাই গিয়েছিল বৃষ্টির পেটে। চতুর্থ দিনের খেলা শুরু হয় ইংল্যান্ডের জয়ের জন্য ২২৪ রানের প্রয়োজনের সমীকরণ মাথায় নিয়ে, অস্ট্রেলিয়ার জিততে চাই ১০ উইকেট। জ্যাক ক্রলি (৪৪), বেন ডাকেট আর মইন আলিরা (৫) খুব একটা বড় বাধা হতে পারেননি। ভয় ধরাননি স্টোকস (১৩) আর জনি বেয়ারস্টোও (৫)। শুধু থামানো যায়নি হ্যারি ব্রæককে। ৯৩ বলে ৭৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের জন্য রান তাড়াটা সহজ করে দিয়েছেন ব্রæক। তবে কাজের কাজটা করেছেন ওকস আর উড। দুজনেই এই সিরিজে প্রথম একাদশে জায়গা পেলেন। ওকস এই টেস্ট শুরুর আগে বলেছিলেন, স্টোকসের সঙ্গে মিলে ১ রান করে হলেও হেডিংলিতে জেতাবেন। ওকস ব্যাটিংয়ে নামতে নামতে স্টোকস বিদায় নিয়েছেন, তবে হ্যারি ব্রæকের সঙ্গে ৫৯ রান ও উডের সঙ্গে ২৪* রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল স্টার্ক, তাকেই পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন ওকস। তবে ম্যাচসেরার পুরস্কারটা পেয়েছেন মার্ক উড। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট এবং ৪০ রান করা উড পেছনে ফেলেছেন মিচেল মার্শের শতরান, বেন স্টোকসের ৮০, ট্র্যাভিস হেড এর ৭৭ রানের ইনিংসকে।

দুরূহ পরিস্থিতিকে জয় করে ম্যাচ জেতালেন উড আর ওকস। তাতে অ্যাশেজে টিকে থাকল ইংল্যান্ড। ১৯ জুলাই সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ম্যানচেস্টারে। ‘আর্ন’ বা ভস্মাধারটা নিজেদের কাছে রাখতে হলে ম্যানচেস্টারের পর ওভালেও জিততে হবে ইংল্যান্ডকে।