বৃষ্টিতে ভাসছে দিল্লি, স্কুল বন্ধের নির্দেশ

দুই দিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে ভারতের রাজধানী দিল্লি। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার (১০ জুলাই) বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। আজ রবিবার এ কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তা-ই নয়, আগামী দুই-তিন দিন আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর জুলাই মাসে কোনও এক দিনে এই প্রথম এত পরিমাণ বৃষ্টি হলো দিল্লিতে। সে বছর এক দিনে ১৬৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারও আগে ১৯৫৮ সালে ২১ জুলাই এক দিনে বৃষ্টি হয়েছিল ২৬৬.২ মিলিমিটার।

এদিকে দুর্যোগের জেরে আজ সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে দিল্লি সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই নির্দেশ পেয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়ও।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীর জাকারিয়া এলাকায় ভারী বৃষ্টির জেরে বাড়ি ভেঙে দুইজন আহত হয়েছে। অপরদিকে দিল্লিতে যমুনা নদীর পানির স্তর বাড়ছে বলে জানা গেছে। সেক্ষেত্রে মঙ্গলবার বিপদসীমা পার করতে পারে সেই পানির স্তর।

অপরদিকে রাজধানীর পাশাপাশি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতীয় এলাকাগুলো। উত্তর ভারতে গত দুই দিনে দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।