জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘সুড়ঙ্গ’ সিনেমার স্পেশাল শো। সিনেমা মুক্তির ১০ দিন পরেও সগৌরবে বিভিন্ন হলে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। এই আনন্দ উদযাপনের জন্য গত ৮ জুলাই এক বিশেষ সন্ধ্যা সাজানো হয়েছিল। রাজধানীর মিরপুর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে রাত ৮টা থেকে প্রদর্শিত হয় সুড়ঙ্গ। সেখানে বসেছিল তারার মেলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে হালের ক্রেজ, দাপুটে অভিনেতা আফরান নিশোর। তার সঙ্গে সিনেমায় তাল মিলিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিরা। আফরান নিশো তার প্রথম সিনেমা দিয়েই যে ছক্কা হাঁকিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। ‘সুড়ঙ্গ’ যে এই বছরের আলোচিত একটি সিনেমা হবে তা আগেই থেকেই জানান দিচ্ছিল দর্শক। মুক্তির পর সেই দর্শক তা প্রমাণ করেছে। আনন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, সুনেরাহ বিনতে কামাল, জিয়াউল রোশান, ইয়াশ রোহান, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, ফারজানা ছবি, সুষমা সরকার, সোহেল ম-ল, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, শাফায়েত মানসুর রানা, ইমরাউল রাফাত, আবরার আতাহারসহ অনেকেই। ছবিটি দেখে তারা সবাই দারুণ প্রশংসা করেন।