আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, মাদক ও অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। তাই যুবসমাজকে রক্ষায় যুবলীগ সারা দেশে তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি চালিয়ে যাবে। আর এই জয়যাত্রায় ভেসে যাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র।
গতকাল রবিবার সিলেটে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। একইদিনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে যুবলীগ ‘তারুণ্যের জয়যাত্রা’র আয়োজন করে। প্রায় এক কিলোমিটার দূরত্বের ব্যবধানে একই সময়ে অনুষ্ঠিত সমাবেশ দুটি নিয়ে সিলেটে চাপা উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই উভয় সমাবেশ হয়।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটের মাটি বরাবরই আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। আজ আবার এই ঐতিহাসিক সত্যটা প্রমাণ করলেন সিলেটের আওয়ামী লীগ যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এই মাটিতে দেশ এবং সরকারবিরোধী যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’