নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে নাহিদ (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যরা। গতকাল রবিবার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিন ও ইয়াসিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।
নাহিদ উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আটক তুহিন উপজেলার তাতারকান্দি এলাকার কাউছার মিয়ার ছেলে এবং ইয়াসিন একই এলাকার মিলন মিয়ার ছেলে।
নাহিদের ভাই নাঈম জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওনা দেন নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ একাধিক সন্ত্রাসী তাকে ধাওয়া করে। দেশে তৈরি অস্ত্র (চাপাতি) দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় তারা। পরে নাহিদকে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে হত্যা করে। এলাকাবাসীর সহায়তায় নাহিদকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার মাস আগে বন্ধুদের সঙ্গে দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলদের ঝগড়া হয়। ওই ঝগড়ার সময় বন্ধুদের সঙ্গে নাহিদও ছিল। এতে দেলোয়ার ও তার বন্ধুরা নাহিদের ওপর ক্ষিপ্ত ছিল। এরই জেরে তারা তাকে হত্যা করে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’