পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ, ৬৯৭ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গে সহিংসতা জর্জরিত পঞ্চায়েত নির্বাচনের একদিন পর সোমবার পুনরায় ভোট নেয়া হচ্ছে রাজ্যের ১৯টি জেলায়।

মূলত রবিবার রাজ্য নির্বাচন কমিশন বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোট বাতিল ঘোষণা করে। এর ফলে রাজ্যজুড়ে ১৯টি জেলায় সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ভোটগ্রহণ শুরু হয়।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজ্যজুড়ে ৬৯৭টি কেন্দ্রে পুনঃভোট অনুষ্ঠিত হচ্ছে। কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে এই ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে সশস্ত্র প্রহরী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশের সদস্যরাও রয়েছেন।

মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিলো পঞ্চায়েত নির্বাচনে। এই জেলার ১৭৫ কেন্দ্রে ভোট বাতিল হয়েছে। এছাড়াও মালদা, নদিয়া, কুচবিহার, উত্তর চব্বিশ পরগনা ও উত্তর দিনাজপুরে যথাক্রমে ১১০, ৮৯, ৫৩, ৪৬ ও ৪২টি কেন্দ্রে পুনঃভোট হচ্ছে।

এ ছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবারে ১০টিসহ ৩৬টি বুথে পুনঃভোট অনুষ্ঠিত হচ্ছে।

গেলো শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে একটি সহিংসতাপূর্ণ দিন পার করে রাজ্যটি। রাজ্যে ভোটগ্রহণের সময় বিভিন্ন জেলায় সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া দিনের বেলায় ব্যালট বাক্স ও ব্যালট পেপার ভাংচুরের একাধিক ঘটনাও ঘটে।