আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের আসল প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দুই ওয়ানডেতে বাজেভাবে হেরে সিরিজ খুইয়ে এখন নিজেদের নতুন করে পুনর্গঠনের পথ খুঁজতে হচ্ছে।
তবে দলের ভেতরে এই ব্যর্থতা ভুলে থাকার চেষ্টা পুরোপুরি বিদ্যমান। সবাই এই সিরিজ ভুলে তাকিয়ে আছেন অতীতের সুখস্মৃতিতে!
সিরিজ হারের পর দ্বিতীয় ম্যাচের সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ অনুরোধ করেন, এই সিরিজ দিয়ে তাদের বিচার না করতে। তবে অতীতে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখস্মৃতি ঠিকই মনে রাখছেন তিনি।
মঙ্গলবার আফগানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। সোমবার চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সহকারী কোচ নিক পোথাস। তিনিও মিরাজের সুরেই কথা বলে গেলেন এদিন। মাত্র দুই ম্যাচের ফল দিয়ে ক্রিকেটারদের মূল্যায়ন করতে চাচ্ছেন না এই কোচ।
ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সবার প্রতি পোথাসের অনুরোধ ‘বিশ্ব মানের ক্রিকেটারদের’ যেন মাত্র দুই ম্যাচে মাপা না হয়। বলেন, ‘শেষ দুই ম্যাচে ওদের পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না আমরা বিশ্ব মানের ক্রিকেটারদের দুই ম্যাচের ফলে মাপছি। আমরা ভুলে যাচ্ছি আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কি করেছে।’
যোগ করেন, ‘আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।’