জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শামীম গাজীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এ আদেশ দেন।
শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ওই এলাকার গাজী কবির আলীর ছেলে।
মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, দুপুরের দিকে শামীম গাজীকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবি পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শুনে শামীম গাজীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে জেলহাজতে পাঠান আদালত।
প্রসঙ্গত, সাংবাদিক নাদিম গত ১৪ জুন পেশাগত দায়িত্বপালন শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায়
পৌঁছালে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা করেন। এ পর্যন্ত নামীয় ২২ জন আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছে। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।