ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন কর্মবিরতিতে থাকা পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাদের তিনজনের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি দেয়।
এই দলে থাকা পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন দেশ রূপান্তরকে জানান, তারা বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর পিএস-১-এর কাছে স্মারকলিপি দিয়েছেন। পিএস-১ স্মারকলিপি প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। এ সময় প্রধানমন্ত্রীর চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর মধ্যস্থতায় দাবিদাওয়া নিয়ে কথা হয়েছে। দুজনই তাদের দাবিদাওয়া পূরণের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর শাহবাগে আজ মঙ্গলবার যে অবস্থান কর্মসূচি ঘোষিত ছিল তা স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান এ চিকিৎসক।
ভাতা বাড়ানোর পাশাপাশি ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি পালন করছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। পরদিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশনও পালন করে। এর আগে গত মাসে একই দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।
প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের ডা. ফরহাদ হোসেন তুহিন ও ডা. ইমরান শিকদারও ছিলেন।