১৫ মাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান। পরে তিনি ছুটির আবেদন করলে অনুপস্থিতিকালকে বিনা বেতনে ছুটি হিসেবে মঞ্জুর করা হয়। ‘অসাধারণ ছুটি’ আখ্যায়িত করে গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। গত ৪ জুলাই মনিরুজ্জামানের ১ বছর ২ মাস ২৩ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। মনিরুজ্জামান পুলিশ স্টাফ কলেজে কর্মরত থাকলেও বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত আছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার (বিপি-৬৭৯৮০১০০৩৯) ও বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্ট হওয়া মনিরুজ্জামানের ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ মে পর্যন্ত ১ বছর ২ মাস ২৩ দিন অনুপস্থিতিকাল বিনা বেতনে অসাধারণ ছুটি হিসেবে ভূতাপেক্ষভাবে মঞ্জুর করা হলো। সরকারি সার্ভিস রুলস অনুযায়ী ছুটির বিধিমালার বিধি-৯ (অন্যান্য)এই বিষয়টি রয়েছে।’